দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় লোকাল বাসে অগ্নিকাণ্ড

ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া এলাকায় লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। শনিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকার খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। এসময় বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে বাসের ৫ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর সিদ্দিক জানান, রাতে ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের ব্যাটারিতে ত্রুটি দেখা দিয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসটির সামনের অংশে লেগে যায়। এসময় বাসের যাত্রীরা তাড়াহুড়া করে নামতে গিয়ে বাসের ৫ যাত্রী আহত হয়েছেন। তিনি আরো বলেন, এসময় রাস্তার দুপাশে যান চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে। পরে হাইওয়ে ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১০ টার দিকে যান চলাচল স্বাভাবিক করে। আজিজুল ইসলাম সঞ্চয়/এসএইচএস