দেশজুড়ে

বরিশালে ডা. মোখলেসুর রহমানের দাফন সম্পন্ন

বরিশালের বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোখলেসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর জিলা স্কুল প্রাঙ্গনে ডা. মোখলেসুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর মুসলীম গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।জিলা স্কুল মাঠে জানাজার আগে গার্ড অব অনার প্রদান করে মরহুম ডা. মোখলেসুর রহমানের প্রতি রাষ্ট্রীয় সম্মামনা জানানো হয়। এতে রাষ্ট্রের পক্ষে অংশ নেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।এ সময় বরিশালের বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ডা. মোখলেসুর রহমানের জানাজা ও দাফনে অংশগ্রহণ করেন। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, তালুকদার মো. ইউনুস এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, মহানগর বিএনপি সভাপতি মজিরব রহমান সরোয়ার, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহম্মেদ (বীর বিক্রম), কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলার আওয়ামী লীগ দলীয় পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।এর আগে সকালে নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাড়ে আওয়ামী লীগ কার্যালয়ে মরহুমের মরদেহ নেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পন করে নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. মোখলেসুর রহমানের মরদেহ নেওয়া হয় অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।সাইফ আমীন/এফএ/আরআইপি