রাজনীতি

‘হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে হবে’

স্বৈরাচার আইয়ুব, ইয়াহিয়া, ও এরশাদের মতো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ক্ষমতা ছেড়ে পালাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জিয়া সাইবার ফোর্স আয়োজিত নারী ও শিশুর উপর সকল নির্যাতন ও বর্বরতার প্রতিবাদে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।নােমান বলেন, এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। জনগণের লাটির কাছে তাদের অস্ত্র পরাজিত হবে। স্বৈরাচার আইয়ুব, ইয়াহিয়া, এরশাদের মতো আজকের হাসিনাকেও ক্ষমতা ছেড়ে পালাতে হবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মাস্তান দিয়ে ভোট কেন্দ্র ঘিরে রেখে নির্বাচনের নামে প্রহসন চলছে, আওয়মী মাস্তান বাহিনী এক একজন শত শত ভোট দিচ্ছে।বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে সব অপরাধ সংঘটিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই দিন, দিন না আরো দিন আছে। হত্যা, ধর্ষণ, গুম-খুনের রাজনীতির অবসান ঘটবে এবং দুর্বৃত্তরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে।বিএনপির এই নেতা আরো বলেন, খুন ধর্ষণ ও হত্যার জন্য বাংলাদেশ আজ উদাহরণ। ভোট ছাড়াই এক কতৃত্ববাদী স্বৈরাচারী শাসক জনগণের ঘাড়ের উপর চাপিয়ে বসেছে।সেমিনারে অংশ নিয়ে সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা এবং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। পানি যেমন শুষ্ক হয় না, কাঠ যেমন লোহা হয় না। আওয়ামী লীগের কাছেও তেমনি সত্য আশা করা যায় না। সম্প্রতি দেশে সংঘটিত সকল ধর্ষণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন তিনি।জিয়া সাইবার ফোর্স এর সভাপতি অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সভাপতিত্বে সেমিনারে আরাে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা স্কোয়াড্রন লিডার (অব) ওয়াহিদ উন নবী প্রমুখ।এমএম/এসকেডি/এবিএস