ক্যাম্পাস

জাবিতে গবেষণা বিষয়ক কর্মশালা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তরুণ শিক্ষকদের শিক্ষকতা ও গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমাজ বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘রিসার্চ মেথোডোলজি’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা ও পিকেএসএফ এবং ঢাকার অভিজ্ঞ গবেষকরা তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দিবেন। কর্মশালায় প্রশিক্ষকরা রিপোর্ট রাইটিং, থিসিস রাইটিং, রিসার্চ আর্টিকেল রাইটিং, জার্নাল রাইটিং, লিটারেচার রিভিউ, সোশ্যাল রিসার্চ, হাইপোথিসিস, ডাটা অ্যানালাইসিস, কো-রিলেশন অ্যানালাইসিস ও রিগ্রেশন অ্যানালাইসিস’সহ সর্বমোট ২১টি বিষয়ের উপর প্রশিক্ষণ দিবেন। কর্মশালার আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আমির হোসেন এ বিষয়ে বলেন, কর্মশালায় সমাজবিজ্ঞান অনুষদের অধীনে মোট সাতটি বিভাগের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের উচ্চতর গবেষণায় সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।হাফিজুর রহমান/এআরএস/এবিএস