কুমিল্লায় বাসে পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় আদালতে হাজিরা দিতে গেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী। বুধবার সকাল ১০টার দিকে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরার দরখাস্ত দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভীর অন্যতম আইনজীবী অ্যাড. নাজমুস সা’দাত। অ্যাড. নাজমুস সা’দাত জানান, গত বছরের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালায়। এই মামলায় রুহুল কবির রিজভীকে আসামি করা হয়। এ মামলায় আদালতে হাজিরা দিতে তিনি কুমিল্লা গেছেন। সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা হরতাল অবরোধ চলাকালে বাসে পেট্রলবোমা হামলা ও হতাহতের এ ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতের কেন্দ্রীয় পরিষদ সদস্য ও চৌদ্দগ্রাম আসনের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে চৌদ্দগ্রাম থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। এ মামলার বাদী চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান।এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী কুমিল্লায় পৌঁছালে দলের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় জমায়। কামাল উদ্দিন/এসএস/পিআর