জাতীয়

আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে বিপিএসসি

অতীতের মত ভবিষ্যতেও জনপ্রশাসনে দক্ষ, মেধাবী ও চৌকস কর্মকর্তা নিয়োগের জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এক আলোচনা সভায় বিপিএসসির পক্ষ থেকে এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা।আগামী ৮ এপ্রিল, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দেশের জনপ্রশাসনের জন্য দক্ষ ও যোগ্য কর্মকর্তা, জনবল নিয়োগের সুপারিশ করেছে। এ সকল কর্মকর্তা, জনবল নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে।পিএসসির সকল কর্মকর্তা ও কর্মচারী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে একটি জনবান্ধব সিভিল সার্ভিস উপহার দেয়ার লক্ষ্যে সর্বোচ্চ সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সচিব নূরুন নবী তালুকদার। কমিশনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এএস/এসএইচএস/আরআইপি