ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ ফেয়ার শুরু হয়। স্বনামধন্য দেশীয় ও বহুজাতিক ৮৭টি প্রতিষ্ঠান এবং তিন হাজারের বেশি গ্রাজুয়েট এ ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয়।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং এপেক্স গ্রুপের চেয়্যারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশে মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান, বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফারহানা ফেরদৌসী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর একটা সুন্দর যোগসূত্র স্থাপিত হবে। গ্র্যাজুয়েশন শেষ করা শিক্ষার্থীরা চাকরির জন্য নানা জায়গায় হয়রারি হওয়ার বদলে এক-ছাতার নিচে বিভিন্ন ধরনের করপোরেট প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পাবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর চাহিদা সম্পর্কে জেনে নিজেদের প্রস্তুত করতে পারবে।
মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি বলেন, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে তিনগুণ। এসব শিক্ষার্থীর অবদানে তারা খুশি। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের দূতাবাসসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে বেশি বেশি চাকরির আবেদন করার আহ্বান জানান।
মেলায় সরাসরি ক্যাম্পাস রিক্রুটমেন্টের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতিবিষয়ক বিভিন্ন পরামর্শও দেওয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকতারা উপস্থিত ছিলেন।
এএএইচ/এমআইএইচএস/জিকেএস