দেশজুড়ে

বিদেশেও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেবার মানসিকতা নিয়ে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু পেশাগত দক্ষতা দিয়ে সেনাবাহিনী এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আরও দ্রুত এগিয়ে যেতে হবে। সোমবার (১১ মার্চ) কুমিল্লা সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেনাপ্রধান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি, যা সেনা সদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর সেনাবাহিনীর এ ফায়ারিং প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গত ৫ মার্চ সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর সব ফরমেশনসহ লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। ফায়ারিং প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৫৫ পদাতিক ডিভিশন রানার্সআপ হয়। শ্রেষ্ঠ নারী ফায়ারার হয়েছেন ১৭ পদাতিক ডিভিশনের সৈনিক সুমাইয়া।

প্রতিযোগিতায় ৭ এডি ব্রিগেডের সার্জেন্ট আখতারুল হাসান শ্রেষ্ঠ ফায়ারার এবং ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক জাহাঙ্গীর দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার হন নির্বাচিত হন।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস