পবিত্র হেরেম শরিফের বিশেষ মুফতি ড. মিশআল আল-লেহেভি বলেছেন, কোনো মুসলমান ধর্ষণ ও খুন করতে পারেন না। নিজের বোন, মা ও স্ত্রী যেমন অন্য কারো হাতে লাঞ্ছিত হবার বিষয়টি কেউ পছন্দ করবেন না তেমনি অন্যের মা-বোন ও স্ত্রীর ইজ্জত তার কাছে সমান মর্যাদার হতে হবে।বৃহস্পতিবার দিবা-রাত্রি কক্সবাজার ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. মিশআল আরো বলেন, শরীরের সবচেয়ে নরম অঙ্গ হচ্ছে জিহ্বা। অথচ এটিই সবচেয়ে বড় কঠিন আঘাত করতে পারে। তাই জিহ্বার হিফাজত করতে হবে। অনর্থক কথা বলা থেকে বিরত থাকতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কোনো বিষয়ে রাগ করা যাবে না।তিনি বলেন, আল্লাহর প্রতি ঈমান এনে ও রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী কেবল নিজে ভালো চললেই তাকে সফল বলা যাবে না। সফল তিনিই যিনি নিজের এবং পরিবার পরিজন, বন্ধুবান্ধব ও দেশ এবং জাতিকে রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী চলার আহ্বান করে।ড. মিশআলের মতে, ইমাম মুসলিম (রহ.) ইসলামিক রিসার্চ সেন্টার বাগানে অসংখ্য প্রস্ফুটিত ফুল রয়েছে। যারা আগামীতে দেশ ও জাতির খেদমতের জন্য নিজেকে গড়ে তুলবে।পবিত্র কুরআনের সুরা আল-আছর ও মহানবী (সা.) এর চারটি হাদিসের উপর বিস্তারিত বক্তব্যে তিনি মানবজীবন শুদ্ধকরণ বিষয়ক বিভিন্ন আলোচনা তুলে ধরেন।চট্টগ্রাম জামেয়া দারুল মা’রিফের সহকারী পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ নদভীর সভাপতিত্বে আলোচনা পেশ করেন ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি ভূমিকম্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ফুটিয়ে তুলেন।ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারের পরিচালক হাফেজ ছালাহুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, হ্নীলা জামেয়া দারুছুন্নাহর পরিচালক মাওলানা আবছার উদ্দিন চৌধুরী, হাফেজ ছালামত উল্লাহ, বদর মোকাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইউনুছ ফরাজীসহ অন্যরা।উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বিশ্ববরেণ্য আলেম ড. মিশআল আল-লেহেভি কক্সবাজারে পৌঁছান। ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারের বার্ষিক সভাসহ মোট ৫ দিনের বাংলাদেশ সফরে রয়েছেন তিনি।সায়ীদ আলমগীর/বিএ