৫৪টি ভোট কেন্দ্রের মাঝে ৪৪টি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ। এরপরও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতের আশা নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা, পশ্চিম বড়ভেওলা, কোণাখালী, ঢেমুশিয়া, বদরখালী ও বিএমচরসহ ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ (শনিবার)। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে এ ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩১ জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৬, বিএনপির মনোনীত প্রার্থী ৬, জাতীয় পাটির (এরশাদ) সমর্থিত প্রার্থী দু’জন। অন্যরা আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। এছাড়া নির্বাচনে ছয় ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ২৮৯ জন প্রার্থী । মোট ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে প্রশাসন ৪৪টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। উপজেলার এসব ইউনিয়নে সাধারণ ভোটার ও প্রার্থীদের মাঝে নানা শঙ্কা থাকলেও অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। একজন জুডিসিয়াল ও ৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য থাকছে প্রায় দুই হাজার। তার মধ্যে প্রত্যেক ভোট কেন্দ্রে ১৭ জন আনসার ও ৬ জন পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিটি ইউনিয়নে পুলিশের মোবাইল টিম রয়েছে চারটি করে। ছয় ইউনিয়নে থাকবে পুলিশের ছয়টি স্টাইকিং ফোর্স ও সহকারি পুলিশ সুপারদের ছয়টি বিশেষ টিম। তার পাশাপাশি তিন প্লাটুন বিজিবি ও ৪০ জনের চারটি র্যাব টিম ভোট কেন্দ্রে টহল দেবে। বৃহস্পতিবার থেকে টহল দিতে শুরু করেছে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। এসব তথ্য জানিয়েছেন চকরিয়া থানার ওসি তদন্ত মো. কামরুল আজম। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, ৬ জন রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৫৪ জন প্রিজাইডিং, ১৯২ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ৩৮৪জন পোলিং অফিসার। তিনি বলেন, ৬ ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রে মোট ৩৬ হাজার ৯২৬ পুরুষ ও ৩৩ হাজার ৯১১জন মহিলা ভোটার তাদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ করবেন।এদিকে শুক্রবার দুপুর থেকে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ বিতরণ করেছে। বিকালের মধ্যে সব ভোট কন্দ্রে পৌঁছে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কাজে সম্পৃক্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা। নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল তৎপরতা জোরদার করেছে। এছাড়াও উপজেলার নির্বাচনী বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহলে নেমেছে বিজিবি ও র্যাবের একাধিক টিম। সায়ীদ আলমগীর/জেএইচ