কুমিল্লার চান্দিনায় ব্যবসায়ী সুজন আহমেদকে হত্যার দায়ে তিন বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের মৃত মোস্তফার ছেলে আবুল কালাম, একই গ্রামের মো. শাহজাহানের ছেলে সবুজ ও আজামপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ তৌফিক। আদালত সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আহমেদ চান্দিনা উপজেলার মহারং গ্রামে তার নানার বাড়িতে থাকতেন। সুজন চান্দিনা বাজারে কনফেকশনারী ব্যবসা করতেন। ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সুজন আহমেদ এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের পাঁচ দিন পর ২১ সেপ্টেম্বর চান্দিনা মহিলা কলেজের পাশে বিশ্বাস গ্রামের একটি ইটের স্তুপের উপর সুজন আহমেদের ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে নিহতের মা জাহানারা বেগম মরদেহের পরনের প্যান্ট, শার্ট ও বেল্ট দেখে মরদেহটি সুজনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে ২২ সেপ্টেম্বর সুজনের বন্ধু আবুল কালাম (২৪), সবুজ (২৫) ও মোহাম্মদ তৌফিকসহ (২০) অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে চান্দিনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদঘাটিত হয়। এ মামলায় পুলিশ ২০১৩ সালের ৩০ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১১ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত আসামি আবুল কালাম, মোস্তফা ও সবুজকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন এবং প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড প্রদান করে।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. মো. আবু তাহের এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. ফারুক আহমেদ ও অ্যাড. আখতার হামিদ খান কবীর। কামাল উদ্দিন/এআরএ/এবিএস