দেশজুড়ে

কুমিল্লায় মাদরাসা ছাত্রের মৃত্যু, সুপার আটক

কুমিল্লায় মাদরাসার হোস্টেল থেকে শাহ পরান ওরফে ইব্রাহীম নামে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের দাবি শাহ পরান আত্মহত্যা করেছে। কিন্তু পরিবারের দাবি, তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই মাদরাসার সুপার আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শাহ পরান জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়ামেহের গ্রামের কাঁচামালের ব্যবসায়ী মনির হোসেনের ছেলে এবং কোটবাড়িমুড়া দারুল সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র।জানা যায়, দারুল সুন্নীয়া সিনিয়র মাদরাসা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকালে ছাত্র শাহ পরান ওরফে ইব্রাহীমের (১৩) বাবা মনির হোসেনকে মোবাইলফোনে তার ছেলে অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে বলে জানায়। খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসেন এবং শাহ পরানের মরদেহ দেখতে পান। শুক্রবার এ প্র্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ সময় মর্গের সামনের রাস্তায় পড়ে শাহ পরানের স্বজনরা আহাজারি করছিল। তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শাহ পরানকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসা সুপার আলাউদ্দিনকে থানায় আনা হয়েছে। তিনি (সুপার) জানান, শাহ পরান গলায় রশি লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনার তদন্ত ও মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এদিকে, শাহ পরানের বাবা মনির হোসেন সাংবাদিকদের জানান, শাহ পরানকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।কামাল উদ্দিন/এসএস/পিআর