ওয়াংখেড়েতে সাধারণ দর্শকদের জন্য মাত্র ৪ হাজার সিট!
টিকেট নিয়ে এতদিন বাংলাদেশেই কাড়াকাড়ি লেগে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছিল। ম্যাচের আগের দিন খেলার টিকেট পাওয়া যেতো না কোথাও। আর পেলেও তা বিক্রি হতো চড়া দামে। বিশ্বকাপ টি-টোয়েন্টির সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দেখা দিয়েছে টিকেট সংকট।
সাধারন দর্শকদের জন্য মাত্র ৪ হাজার টিকেট রেখেছে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন। অথচ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৩ হাজার। এত সংখ্যক ধারণক্ষমতা সত্ত্বেও সাধারণ দর্শকদের জন্য মাত্র ৪ হাজার ৬০০ সিট নেহাত কমই।
বুধবার ভোর ৪টা থেকে অনেকেই মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের সামনে বসেছিলেন একটি টিকিটের প্রত্যাশায়। কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদেরকে জানিয়ে দেয়া হয় টিকিট নেই। ব্যর্থ-মনোরথ হয়ে তাদের ফিরে যেতে হয়। জানা গেছে সাধারণ দর্শকদের জন্য ছাড়া ৪ হাজার টিকিটের কোনো কোনোটি বিক্রি হয়েছে ৩০ হাজার ভারতীয় রুপিতেও।
কোথায় যায় এতগুলো টিকিট? সবারই প্রশ্ন। জানা গেছে- মুম্বাইয়ের বিভিন্ন ক্লাব এবং রাজনীতিবিদদের জন্যই বরাদ্ধ থাকে এসব টিকিট। তবে বিসিসিআইর কাছে সাবেক ক্রিকেটার এবং বর্তমান বলিউড অনেক অভিনেতা অভিনেত্রীও টিকেট চেয়েছেন।
টিকেটের জন্য ভারতীয় ক্রিকেট দলের (ক্রিকেটার এবং কর্মকর্তা মিলিয়ে) ২৮ জন সদস্য আবেদন করেছিলেন। অনেকে পেয়েছেন অনেকে পাননি। ভিভিআইপি বক্স চাইলেও সবাইকে দেয়া হয়নি। ভারতের ক্রিকেটাররা টিকেটের এই দৈন্যদশা দেখে অনেকটাই অখুশি।
আরআর/আইএইচএস/পিআর