পানামা পেপারস ফাঁস : আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০৭ এপ্রিল ২০১৬

আইসল্যান্ডের ক্ষমতাসীন জোট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিগুরদুর ইনগি জোহানসনের নাম ঘোষণা করেছে। ব্যাপক কর ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা সম্পর্কিত গোপন নথি পানামা পেপারসে ফাঁসের জেরে তীব্র সমালোচনা ও বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর জোহানসেনের নাম ঘোষণা করা হলো।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে আগাম নির্বাচন অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছে। ৫৩ বছর বয়সী সিগুরদুর ইনগি জোহানসন দেশটির প্রগ্রেসিভ পার্টির উপপ্রধান এবং কৃষি ও মৎস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পানামার আইনীপরামর্শদাতা প্রতিষ্ঠান ‘মসাক ফনসেকার’ ফাঁস হওয়া গোপন নথিতে গুনলাউগসন ও তার স্ত্রী আন্না সিগুরলাগ পালসদোতির ব্রিটেনের ভার্জিন আউসল্যান্ডে অফসোর ফার্ম রয়েছে; এতে তিনি এবং তার পরিবার কয়েক মিলিয়ন অর্থ গোপনে বিনিয়োগ করেছেন।

মসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ নথি জার্মান দৈনিক জিটডয়েচ সাইতংয়ের হাতে আসলে তারা ওই নথিগুলো ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। তাদের এক বছরের অনুসন্ধানের মধ্য দিয়ে বেরিয়ে আসে কর ফাঁকির চাঞ্চল্যকর সব তথ্য। এতে বলা হয়েছে, ‘উইনট্রিস’ নামের ওই ফার্ম ২০০৭ সালে চালু করেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।