রাবির সাবেক ভিসি আবদুস সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১০ মার্চ ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভাইস চ্যান্সেলর ড. এম আবদুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে এই নিষেধাজ্ঞার আবেদন করেন।

এতে বলা হয়, ড. এম. আবদুস সোবহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার কার্যকালে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের অভিযোগটি অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। বর্তমানে অভিযোগটি অনুসন্ধানাধীন।

অভিযোগ অনুসন্ধানকালে তার নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় এবং বিপুল পরিমাণ অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ আদেশ হওয়া আবশ্যক।

মনির হোসেন মাহিন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।