জাবির সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৫ জুন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ও পরিসংখ্যানবিদ অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ জুন) ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. কাজী সালেহ আহমেদের মেয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড অ্যান্ট্রাপেনারশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ। তিনি তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কাজী সালেহ আহমেদ ১৯৮৮ সালের ১০ মার্চ থেকে ১৯৯৩ সালের ১ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন।

এদিকে, এ পরিসংখ্যানবিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুমানা রইছ।

উপাচার্য শোকবার্তায় বলেন, অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞানে তার অভাব সবসময় অনুভূত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে তার অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

শোকবার্তায় উপাচার্য মরহুম অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অধ্যাপক সালেহ আহমেদের প্রথম জানাজা বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে তার মৃত্যুতে মঙ্গলবার (২৫ জুন) একদিনের শোক পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ রাখা হয়েছে। তবে পূর্বঘোষিত সব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এএএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।