সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৮ মে ২০১৬

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনসম্মুখে কান ধরে ওঠ বস করানো এবং শারীরিকভাবে লাঞ্চিত করায় জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসঙ্গে সেলিম ওসমানকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালযের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত নারায়ণগঞ্জের প্রধান শিক্ষককে লাঞ্চনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনে সভাপতি নূর মোহাম্মদ তালুকদার এ দাবি জানান।

তিনি বলেন, এদেশে অনেক সেলিম ওসমান আছে, এদেরকে খুঁজে বের করে উপযুক্ত শিক্ষা দিতে হবে। শিক্ষকরা হচ্ছেন ভিমরুলের চাকের মতো, আর আজ আপনারা এই ভিমরুলের চাকে হাত দিয়েছেন। তাই একজন শিক্ষকের অপমানের সময় সারা দেশের শিক্ষক সমাজ বসে থাকবে না।

মানববন্ধনে ডাকসুর সাবেক ভিপি ও বিশ্ব শিক্ষক সমিতি ফেডারশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, সংঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্দ জাহাঙ্গীর, অধ্যক্ষ রফিকউদ্দিন, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, অধ্যাপক মিজানুর রহমানসহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এমএইচ/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।