ময়মনসিংহে সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে এ জরিমানা আদায় করা হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাজ্জাদুল হাসান।
তিনি বলেন, জাহাঙ্গীর আলম বিসিআইসি অনুমোদিত সারের ডিলার। একজন ডিলার আরেকজন ডিলারের কাছ থেকে সার কেনার নিয়ম নেই। যদি কিনেন তাহলে অনুমতি নিয়ে কিনতে হবে। কিন্তু জাহাঙ্গীর সেটি না মেনে নেত্রকোনার এক ডিলারের কাছ থেকে ইউরিয়াসহ বিভিন্ন সার এনে বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পেরে তার সঙ্গে সারাদিন যোগাযোগ করেও পাওয়া যায়নি। পরে রাতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, উপজেলার প্রত্যেকটি ডিলারের গোডাউনে খোঁজ নেওয়া হবে। কেউ নির্ধারণ দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রিসহ নিয়মের ব্যত্যয় ঘটালে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম