ময়মনসিংহে বাসচাপায় তিনজন নিহত
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধলিবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হলেন- সানোয়ার হোসেন (৩০)। বাড়ি মুক্তাগাছার তাড়াতি গ্রামে। বাকী দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মৃতদেহ ফুলপুর থানায় রাখা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার বেলা দুইটার দিকে ধলিবাজার এলাকায় ময়মনসিংহগামী একটি বাস হালুয়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী মারা যান। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ওই এলাকায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।