ভোটের দিনে গাজীপুরে মহাসড়ক জনশূন্য-বন্ধ দোকানপাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:২১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশের ন্যায় গাজীপুরেও উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটযুদ্ধে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে নির্বাচনের দিন যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকায় জেলা শহর ও মহাসড়কগুলো অনেকটা ফাঁকা হয়ে পড়েছে।

সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা যায়, মহাসড়কগুলোতে সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনো যাত্রীবাহী ও
পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। তবে নগর জুড়ে রয়েছে ফটো রিকশার দৌরাত্ম্য। সকালে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত অটো রিকশায় ভাড়া নিচ্ছে ৮০-১০০ টাকা। অন্যান্য রোডেও অটো রিকশা দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়া শহরের বিভিন্ন বিপণি বিতান এবং মার্কেট বন্ধ রয়েছে। রাস্তার পাশে কিছু ছোট ছোট দোকানপাট খোলা রয়েছে।

অপর দিকে শহরের কাঁচাবাজারগুলোতে কিছু দোকানপাট খোলা থাকলেও কাস্টমার খুবই কম।

চৌরাস্তা কাঁচাবাজারের দোকানদার শরিফ হোসেন বলেন, রাতে আড়তে তেমন মালামাল উঠেনি। নির্বাচনের কারণে বাজার ফাঁকা। উত্তরবঙ্গ থেকে যে সব মালামাল আসতো রাতে ওই এলাকা থেকে কোনো মালামাল আসেনি।

তিনি জানান, সকালে দোকান খোলা হলেও কাস্টমার নেই বললেও চলে।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।