জীবিত থাকতে কেন ভোট নষ্ট করবো: ১১৫ বছরের খাজামন বিবি
শরীর অচল, বয়সের ভারে হাঁটতে পারেন না। সন্তানদের কোলেই যার চলাফেরা। তবুও গণতন্ত্রের টানে স্বেচ্ছায় সাতসকালে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ১১৫ বছর বয়সী খাজামন বিবি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সন্তানদের কোলে চড়ে তাকে ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। স্বেচ্ছায় ভোট দিতে এসেছেন বলে জানান তিনি।
খাজামন বিবির বাসা মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামে। তিনি পাঁচ সন্তানের জননী।
ভোট দেওয়ার বিষয়ে জানতে চাইলে খাজামন বিবি বলেন, আমি হাঁটতে পারি না। তবুও স্বেচ্ছায় ভোট দিতে কেন্দ্রে এসেছি। আমার ছোট ছেলের কাঁধে ভর করেই এখানে এসেছি। আমি জীবিত থাকতে কেন আমার ভোট নষ্ট করবো? হয়তো এটাই আমার শেষ ভোট।
খাজামন বিবির ছোট ছেলে মো. আসাদুল সরদার বলেন, মা রাত থেকেই ভোট দেওয়ার জন্য উদগ্রীব ছিলেন। সকাল হতেই ভোটকেন্দ্রে আসার জন্য ব্যাকুল হয়ে পড়েন। ভ্যানগাড়ি ও কাঁধে ভর করেই তাকে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দেওয়ার জন্য এত আগ্রহী মানুষ আমার মাকে ছাড়া আর কাউকে দেখিনি।
কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম বলেন, এমন বয়সী খাজামন বিবি ছাড়া অন্য কাউকে এই কেন্দ্রে এখনো দেখিনি। দেশের প্রতি তার টান দেখে খুব ভালো লাগছে। এই মহীয়সী নারী সকলের অনুকরণীয় বলে জানান তিনি।
মনির হোসেন মাহিন/এফএ/এএসএম