গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) ও একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

শক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৫টার দিকে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

পুলিশ ও এলাকাবাসী জানায়, এক নারী তার আত্মীয়ের সঙ্গে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় নৈশকোচ থেকে নামেন। তারা সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায় পৌঁছলে তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গহণা ছিনিয়ে নেয়।

এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর এলাকায় সড়কের পার্শ্বে পুকুরে ছিটকে পড়ে। পরে তাদের দুজনকে পুকুর থেকে তেলা হয়। এসময় এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি একজন কৌশলে পালিয়ে যান।

সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আনোয়ার আল শামীম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।