মাদক কারবারে বাধা দেওয়ায় স্ত্রী ও সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরের সালথায় মাদক কারবারে বাধা দেওয়ায় নিজের স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদক কারবারির বিরুদ্ধে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত মাদক কারবারির নাম সাহিদ শেখ (৪৫)। তিনি মাঝারদিয়া গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সাহিদ এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি মাদকসহ একাধিকবার আটক হয়ে জেলও খেটেছেন। তার ছেলে আশিক শেখ এবার এসএসসি পরীক্ষার্থী। বাবার মাদক কারবারের কারণে লোকসমাজে মুখ দেখাতে না পেরে আশিক তার বাবাকে এই পথ ছাড়তে অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাহিদ তার স্ত্রী ও ছেলেকে ঘরের খুঁটিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করেন। এ সময় তিনি ছেলের সব বইখাতা পুড়িয়ে ফেলেন এবং তাদের বাড়ি থেকে বের করে দেন।

এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে মাদক কারবারি বাবার বিচার চেয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ছেলে আশিক।

নির্যাতনের শিকার জাহানারা বেগম জানান, তার স্বামী নিয়মিত মাদক সেবন ও ব্যবসা করেন। বাধা দিলেই নেমে আসে অমানুষিক নির্যাতন। বুধবার ছোট ছেলে জুনায়েদকে জোরপূর্বক আটকে রেখে তাদের বের করে দেওয়া হয়েছে। তিনি তার ছোট সন্তানকে ফেরত এবং স্বামীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। বর্তমানে তারা পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধরের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর থেকে মাদক কারবারি সাহিদ শেখকে ধরার চেষ্টা চলছে।

এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।