সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ইটভাটার ট্রাক্টর-ভেকুতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৩ মার্চ ২০২৬

নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাপায় রিমন হোসেন (৩০) নামের কোচিং সেন্টারের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন এবং ইটভাটার কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর ও একটি ভেকু মেশিনে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুরে এ ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রিমন হোসেন প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে আড়চা গ্রামে যাচ্ছিলেন। এ সময় কাদিমপুরে বিপরীত দিক থেকে আসা বিবিসি ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার পর এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক সড়কের কীর্ত্তিপুর গ্রামের শশীর মোড়ে অবস্থিত বিবিসি ইটভাটায় গিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকু মেশিনে আগুন ধরিয়ে দেন। পরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে সদর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইটভাটা ভেঙে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় উত্তেজিত এলাকাবাসী।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান বলেন, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরমান হোসেন রুমন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।