কুষ্টিয়ার নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৭ মার্চ ২০২৬

কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে গড়াই নদীতে গোসলে নামে ৪ শিশু। পরে তারা সাঁতরে নদীর মাঝে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নদীর স্রোত শিশুদের ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়। এসময় খেয়া ঘাটের ডিঙ্গি নৌকার মাঝিরা দুই শিশুকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার ব্রিগেড ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে।

নিখোঁজ শিশুরা হলো- ফারুকের মেয়ে তাইফা (৭) ও সোহেলের মেয়ে সুরাইয়া (৮)। ডিঙ্গি নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমায়য়া (৮) নামের দুই শিশুকে জীবিত উদ্ধার করে।

উদ্ধার হওয়া শিশু সামিয়া জানায়, তারা চারজন একসঙ্গে নদীতে গোসলে নামে। তারা সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাচ্ছিলো। এসময় নদীর স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। তারা সবাই ডাঙ্গায় ওঠের চেষ্টা করছিলো। কিন্তু অন্যরা ভেসে গেছে।

খোকসা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স খোকসা ইউনিটের লিডার রওশন আলী জানান, উদ্ধার হওয়া জীবিত শিশুদের বক্তব্য মতে দুই শিশু নিখোঁজ রয়েছে। খলনা থেকে ডুবুড়ি দল রওনা হয়েছে। রাত ৮টা নাগাদ তাদের এসে পৌঁছানোর কথা রয়েছে। আলোর ব্যবস্থা করা গেলে নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান করা হতে পারে।

আল মামুন সাগর/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।