বগুড়ায় ওসির বদলি নিয়ে স্বাক্ষরহীন আদেশ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:১১ এএম, ১০ মার্চ ২০২৬

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তনের একটি পদায়ন আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরহীন ওই কাগজটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে জারি করা একটি স্মারক সংবলিত কাগজ ভাইরাল হয়। সেখানে দেখা যায়, প্রশাসনিক কারণে বগুড়া সদর থানার বর্তমান ওসি মো. মুনিরুল ইসলামকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে নোয়াখালীর চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত পরিদর্শক মো. আব্দুর রাজ্জাককে বগুড়া সদর থানার নতুন ওসি হিসেবে পদায়নের কথা উল্লেখ রয়েছে।

ভাইরাল হওয়া ওই কাগজে কোনো দায়িত্বশীল কর্মকর্তার স্বাক্ষর না থাকায় বিষয়টি নিয়ে খোদ পুলিশ সদস্যদের মধ্যেও নানা গুঞ্জন চলছে। অনেকে বিষয়টিকে ভুয়া বা উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, দাপ্তরিকভাবে এখন পর্যন্ত এ ধরনের কোনো আদেশ জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছায়নি। তাই আপাতত বিষয়টিকে গুজব বলেই মনে হচ্ছে।

স্বাক্ষরবিহীন ওই বদলি আদেশের সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর তুমুল আলোচনা ও সমালোচনা চলছে। পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এল.বি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।