সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:১৮ এএম, ২৬ মার্চ ২০২৬

সাতক্ষীরায় মোটরসাইকেলের জ্বালানি তেল সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল দেওয়া হবে না।

বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা তথ্য অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।

জরুরি ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে শুধুমাত্র মোটরসাইকেলে জ্বালানি নেওয়া যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি সরবরাহ করা হবে না। এছাড়া জ্বালানি নিতে গেলে চালকদের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন, সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এই কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি দেওয়া হবে না। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস ও জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

ঘোষণায় আরও বলা হয়, প্লাস্টিক বোতল, ড্রাম বা কোনো ধরনের কনটেইনার জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।

আহসানুর রহমান রাজীব/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।