রমজানে নামাজ-ইতেকাফ পালন করে উপহার পেলেন ফ্রিজ-ওয়াশিং মেশিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৭ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও ইতেকাফ করা শতাধিক মুসল্লিকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার মরিচাকান্দি পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ও দায়রা জজ আল মামুন।

আয়োজক সূত্রে জানা যায়, রমজানের শুরুতেই ঘোষিত এ প্রতিযোগিতায় অর্ধ শতাধিক শিশু-কিশোর, তরুণ ও প্রবীণ অংশ নেন। নিয়মিত জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, হাদিস অধ্যয়ন, ইতেকাফ পালনসহ বিভিন্ন ইবাদতের ভিত্তিতে ধাপে ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হন ৫৩ জন প্রতিযোগী ও ইতেকাফে বসা ৪৭ জন।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ফ্রিজ, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, ডিনার সেট, জায়নামাজ ও হাদিসের বইসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন ক্যাটাগরিতে বিজয়ীদের দেওয়া হয় ফ্রিজ ও ওয়াশিং মেশিন।

সভাপতির বক্তব্যে আল মামুন সময়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‌‘মানুষের জীবনে সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। এ সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই একজন মানুষ সফলতা অর্জন করতে পারে। রমজান আমাদের সেই সময় ব্যবস্থাপনার শিক্ষা দেয়। ইবাদত, আত্মসংযম ও ভালো কাজের মাধ্যমে নিজেদের গড়ে তোলার সুযোগ তৈরি করে।’

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ জি এম আসলাম সরকার, নজরুল ইসলাম সরকার, মরিচাকান্দি রাহিমাবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।