সিদ্ধিরগঞ্জে মহাসড়কের অবৈধ ৫০০ দোকানপাট উচ্ছেদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অংশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করছে জেলা প্রশাসন। রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চিটাগাংরোড মার্কেটের সামনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।
দেখা গেছে, সড়ক ও জনপদ বিভাগের জমিতে নির্মিত মহাসড়কের ঢাকাগামী লেনের চিটাগাংরোড অংশে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন পণ্য সামগ্রির দোকানপাট উচ্ছেদ করা হয়। মূলত যানচলাচল স্বাভাবিক ও মানুষের ভোগান্তি এড়াতে মহাসড়ককে দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে সওজের জমিতে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপন গড়ে দখল রাখা হয়েছিল। আমরা দখলমুক্ত করতে আজ অভিযান চালিয়েছি এবং পরবর্তীতে যদি পুনরায় দখল করা হয় আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাবো।
অভিযানকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, হাইওয়ে পুলিশ ও আনসার সদস্যসহ জেলা পুলিশের সদস্যরা।
মো. আকাশ/এনএইচআর/জেআইএম