জ্বালানি সংকট
ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৫-৬ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাণিজ্যে। দেশের অভ্যন্তরের পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্য অনুযায়ী ভাড়া বেড়েছে ৫-৬ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটে। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দামও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে গুনতে হতো ২৫ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুনতে হচ্ছে ৩০-৩১ হাজার টাকা পর্যন্ত। ঢাকা রুটে ১৭ হাজার টাকার ভাড়া গুনতে হচ্ছে ২১ হাজার টাকারও বেশি। এতে চরম বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
ট্রাকভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন চালক আবুল কালাম। তিনি বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে ট্রাক ভাড়া বেড়েছে ৫-৬ হাজার টাকা। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা পথে বসবে।’

আরও পড়ুন: জ্বালানি সংকট ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে
দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত
রফিক নামের বগুড়ার আরেকজন চালক বলেন, ‘এক গাড়ি চাল নিয়ে যাচ্ছি। আগের চেয়ে চার হাজার টাকা ভাড়া বেশি গুনতে হচ্ছে। মালিকের এই টাকা উঠাতে পণ্যের ওপর প্রভাব পড়বে।’
ট্রাকভাড়া বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ী আব্দুস সুবহান। তিনি জাগো নিউজকে বলেন, ‘আসলে দেশে তেলের (ডিজেলের) তেমন সমস্যা নেই। পর্যাপ্ত তেল নিয়েই ট্রাকগুলো চলাচল করছে। তেল সংকটের অজুহাতে ট্রাকের ভাড়া বাড়িয়েছেন মালিকপক্ষ। এখানে আমরা সাধারণ ব্যবসায়ীরা নিরূপায়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ট্রাক মালিক সমিতির একজন নেতা জাগো নিউজকে বলেন, ‘ভাই, দেশে পেট্রোল-অকটেনের কিছুটা সমস্যা রয়েছে। কিন্তু ডিজেলের তেমন সমস্যা নেই। তারপরও নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়াতে পড়তে শুরু করেছে।’
মো. মাহাবুর রহমান/এসআর/জেআইএম