বেনাপোলে লিংক রোড পেট্রাপোলে চেকপোস্ট উদ্বোধন কাল


প্রকাশিত: ১১:০৯ এএম, ২০ জুলাই ২০১৬

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল চেকপোস্টের লিংক রোড দিয়ে ভারতের নবনির্মিত পেট্রাপোল স্থলবন্দরের ‘সুসংহত (ইন্টিগ্রেটেড) চেকপোস্টের আমদানি-রফতানি বাণিজ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার বেলা ২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বন্দরে অবস্থিত লিংক রোড, বাস টার্মিনালসহ আরো কয়েকটি স্থাপনাও উদ্বোধন করবেন। তবে এসব স্থাপনা এর আগে মন্ত্রীপর্যায়ে উদ্বোধন করা হয়েছে।
 
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্ত্র সেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ইতোপূর্বে বেনাপোল বন্দরে বৃহৎ পরিসরে বাণিজ্যিক কার্যক্রম চললেও ভারতের পেট্রাপোল বন্দরে স্বল্প পরিসরে ছিল বাণিজ্যসেবা। এতে পণ্য খালাসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে দুিই পারের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ভারত অংশে বেনাপোল বন্দরের গাঁ ঘেঁষে ৩০০ হেক্টর জমির ওপর নির্মিত হয় অত্যাধুনিক এই ‘ইন্টিগ্রেটেড চেকপোস্ট’।

Benapole

পরবর্তীতে বেনাপোল বন্দরের সঙ্গে লিংক রোড তৈরি করে সংযোগ দেওয়া হয় পেট্রাপোল বন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টের।

ওপারের সিএন্ডএফ এজেন্টস সূত্রে জানা গেছে, এই ইন্টিগ্রেটেড চেকপোস্টটির প্রধান নিরাপত্তার দায়িত্বে রয়েছে দুই শতাধিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য। এক হাজার পণ্যবাহী ট্রাক ধারণ ক্ষমতাসম্পন্ন ইন্টিগ্রেটেড চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যে আরো গতিশীলতা আসবে।

ট্রাক টার্মিনাল, এয়ারকন্ডিশন ওয়ার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনও স্ক্যানিং মেশিনসহ বিশ্বের আধুনিক বন্দরের সব সুযোগ-সুবিধা থাকছে এখানে।

ইতোপূর্বে যানজট নিরসনে এ পথে কোনো রকমে শুধুমাত্র রফতানি বাণিজ্য শুরু হলেও এখন আনুষ্ঠানিকভাবে আমদানি-রফতানি দুটোই শুরু হতে যাচ্ছে।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ল্যান্ডপোর্ট সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, নতুন এই বাণিজ্য সেবার ফলে বাংলাদেশ থেকে পণ্য রফতানি কয়েকগুণ বৃদ্ধি পাবে, তেমনি আমদানিও বাড়বে কয়েকগুণ। সেই সঙ্গে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে স্থলপথে পণ্যবাহী ট্রাকের ট্রানজিট সুবিধাও বাড়বে।

জামাল হোসেন/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।