কুমিল্লায় হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৮ আগস্ট ২০১৬

কুমিল্লার বরুড়ায় পূর্ব শত্রুতার জেরে ইজ্জত আলী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় অপর একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. আরিয়া মেহের ইমাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বরুড়া উপজেলার বড়বাতুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুম (পলাতক) ও আলী আকবর, একই গ্রামের আলী আকবরের ছেলে মোজাম্মেল ও মৃত সৈয়দ আলীর ছেলে আমান উল্লাহ (পলাতক)। এসময় একই গ্রামের আলী আকবরের ছেলে মো. তানভীরকে বেকসুর খালাস দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৩ সালের ৮ মার্চ মাসুম ও আমান উল্ল্যাহ বরুড়া উপজেলার  বড়বাতুয়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে ইজ্জত আলীকে গলা কেটে হত্যা করে মরদেহ কোতয়ালি থানাধীন বড় ধর্মপুর পাহাড়ি রাস্তার উপর ফেলে রাখে দুর্বত্তরা। এ ঘটনায় ইজ্জত আলীর ভাই লিয়াকত আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী মাহাবুবুর রহমান উক্ত চারজনের বিরুদ্ধে ২০০৩ সনের ২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষে ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই গ্রামের আলী আকবরের ছেলে মো. তানভীরকে বেকসুর খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. আরিয়া মেহের ইমাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মো. ফারুক আহমেদ।

কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।