নিখোঁজের ১৩ মাস পর যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৫ এএম, ৩০ আগস্ট ২০১৬

নিখোঁজের ১৩ মাস পর কুমিল্লার দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি এটিএম তারিকুল ইসলাম টিটুর মাথার খুলি ও হাড়সহ গলিত মরদেহের সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহ কামাল আকন্দের নেতৃত্বে কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে মঙ্গলবার বেলা পৌনে ১টায় মরদেহটির সন্ধান পাওয়া যায়। সকাল থেকে র‌্যাব, ডিবি, থানা পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই স্থানটি ঘিরে রেখেছে।

নিহত টিটু জেলার দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।

মো. শাহ কামাল আকন্দ জানান, তারিকুল ইসলাম টিটু ২০১৫ সালের ২ জুলাই নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার শোভা ওই বছরের ১৩ জুলাই জেলার দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু টিটুর সন্ধান না পেয়ে চলতি বছরের ৮ মার্চ টিটুর মা রাজিয়া সুলতানা আদালতে মামলা করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা ডিবি পুলিশ।

গত রোববার রাতে সন্দেহভাজন আসামি নগরীর চিহ্নিত সন্ত্রাসী সফিকুল ইসলাম লিমনকে গ্রেফতার করার পর টিটুকে হত্যার করে মরদেহ গুম করে রাখার তথ্য বেরিয়ে আসে। সন্ত্রাসী লিমন ও তার সহযোগী হৃদয়সহ আরও কয়েকজন ২ জুলাই গভীর রাতে নগরীর ঠাকুরপাড়া শ্মশানঘাটে টিটুকে গুলি করে হত্যার পর প্রথমে একটি পরিত্যক্ত বাড়িতে মাটি চাপা দেয়। এর কয়েক দিন পর পাশের একটি সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে দেয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতারকৃত অপর আসামি হৃদয়কে নিয়ে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরপাড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত বাড়িতে মরদেহের সন্ধানে অভিযান শুরু করে। ওই বাড়ির একটি সেপটিক ট্যাংকের পানি নিষ্কাশনের পর মরদেহের সন্ধান পাওয়া যায়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, বেলা পৌনে ১টায় ওই সেপটিক ট্যাংকে যুবলীগ নেতা টিটুর পরনের একটি গেঞ্জি, মাথার খুলি ও দেহের বিভিন্ন অংশের হাড় পাওয়া যায়।

ঘটনাস্থলে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিরুল ইসলাম, কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনাস্থলে রয়েছেন।

কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।