ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেটের মূল হোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪ এএম, ৩১ আগস্ট ২০১৬

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৩০ হাজার ইয়াবাসহ শনিবার সাবেক সেনা সার্জেন্ট ফিরোজ আলমকে গ্রেফতারের পর এ সিন্ডিকেটের অন্যতম হোতা তারেককে (২৫) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারেক কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।
 
পুলিশ জানায়, ফিরোজ আলমের দেয়া তথ্যমতে তারেককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কক্সবাজার ও চট্টগ্রাম থেকে মাদক এনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।
 
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাস স্টেশন এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারে গত শনিবার ভোরে তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার বজরাপাড়া গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফিরোজ আলম ও তার গাড়ির চালক আবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, তারেক কক্সবাজার এলাকার একটি শক্তিশালী মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।