কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও করে ব্ল্যাকমেইল


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৮ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং করার অভিযোগে সমীর দত্ত (৩৯) নামে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শহরের গলাচিপার গোয়ালবাড়ি এলাকার পল্টনের ভাড়াটিয়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার মৃত মনোহর দত্তের ছেলে।

এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে সমীর দত্তের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান-২ জানান, ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকার এক ব্যবসায়ীর মেয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে লেখাপড়া করেন। তার সঙ্গে শহরের ২নং বাবুরাইল এলাকার ইসমাইলের ছেলে শুভয়ের সঙ্গে ফেইসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠে।

একপর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। সমীর দত্ত ওই ছাত্রীকে ৪র্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত পড়িয়েছেন। বিচ্ছেদের ঘটনাটি গৃহশিক্ষক সমীরকে জানায় ছাত্রী। তখন সমীর তাদের সম্পর্ক আবার মিল করে দেয়ার আশ্বাস দেন। এই সুযোগে ওই ছাত্রীকে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন সমীর। সেই ভিডিও দিয়ে একের পর এক ব্ল্যাকমেইল করে ছাত্রীকে হয়রানি করেন সমীর।

এছাড়া আত্মীয়-স্বজনদের কাছে ওই ভিডিও পৌঁছে দেয়ার হুমকি দিয়ে নগদ ২৫ হাজার টাকা ও ১৮-১৯ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন সমীর দত্ত। উপায় না পেয়ে ওই ছাত্রীর বাবা ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে গৃহশিক্ষক সমীর দত্তকে গ্রেফতার করে পুলিশ।     

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।