নুহাশ পল্লিতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লিতে। এ সময় নুহাশ পল্লির আয়োজনে হুমায়ূন সমাধিতে পুষ্পার্ঘ্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
রোববার সকাল সাড়ে ৯টায় হুমায়ূনের ছেলে নিষিদ ও নিনিত এবং স্ত্রী মেহের আফরোজ শাওন আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে মোনাজাত শেষে নুহাশ পল্লিতে স্থাপিত হুমায়ূন ম্যুরালের সামনে আপেল তলায় কেক কাটেন তার দুই ছেলে নিষিদ ও নিনিত। এ সময় শতাধিক ভক্ত, গণমাধ্যমকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১০টার দিকে ড. জাফর ইকবাল, আহসান হাবিবসহ পরিবারের অন্য সদস্যরা তার সমাধি জিয়ারত করেন।
হুমায়ূন স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদকে প্রকৃতভাবে জানতে হলে তার একটা, দুটা বই পড়লে হবে না। তার সব বই পড়তে হবে। কারণ তার দর্শনের সংমিশ্রণগুলো একটি বইতে পাওয়া যাবে না।
ড. জাফর ইকবাল বলেন, হুমায়ূন আহমেদের সৃষ্টিগুলো এখন দেশের বাইরেও ভিন্ন ভাষায় প্রচার হচ্ছে। এটা ভালো যে মানুষ তাকে আরও ভালোভাবে এবং বেশি জানতে পারছে। তবে সেগুলো নিয়ম মেনে হচ্ছে কিনা- এটা আমার জানার বিষয়। কারণ হুমায়ূন আহমেদের উত্তরাধিকার হলো তার সন্তানেরা। তারা রয়্যালিটি পাচ্ছে কিনা বা তাদের অনুমতি নিয়ে প্রচার হচ্ছে কিনা- সেগুলো দেখা দরকার।
আমিনুল ইসলাম/এফএ/এমএস