গাজীপুরে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৬

গাজীপুরে আফসানা আক্তার (৩২) এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন তিনি।

নিহত আফসানা আক্তারের স্বামী মফিজ উদ্দিন শ্রীপুরের গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আফসানা মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার দরগারপাড়া এলাকার মো. খলিলুর রহমানের মেয়ে।

কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান জানান, আফসানা আক্তার শহরের হাক্কানী হাউজিং সোসাইটির আসাদুজ্জামান বাবুলের ৫ তলা বাড়ির ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

সোমবার রাতে শোবার পর মঙ্গলবার দুপুর পর্যন্ত তার ঘরের দরজা না খোললে পাশের ফ্ল্যাটের ও বাড়িওয়ালাসহ স্থানীয় লোকজন তাকে ডাকাডাকি করেন। তারা ফোনে বিষয়টি আফসানার স্বামীকে জানান।

একপর্যায়ে তার কোন সাড়াশব্দ না পেয়ে জয়দেবপুর থানায় খবর দেয়া হয়। রাত ৮টার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।