রূপগঞ্জে নারীকে গলাকেটে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাজিয়া বেগম (৪০) নামে এক বিধবা নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাজিয়া বেগম ওই এলাকার মৃত আয়েত উল্লাহর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওলিপাড়া এলাকার নাছির উদ্দিন নাসুর জমিতে ঘর নির্মাণ করে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন রাজিয়া বেগম। নাছিরউদ্দিন নাসু অসুস্থ হওয়ার পর থেকে তাকে প্রায় সময় চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যেতেন রাজিয়া বেগম।
রাত পৌনে ১১টার দিকে স্থানীয় একজন চিকিৎসককে দেখিয়ে ফেরার পথে নিজ বাড়ির মুরগির ফার্মের পাশে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত রাজিয়া বেগমকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। এসময় নাছির উদ্দিন নাসু দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে পালিয়ে আসে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নিহত রাজিয়া বেগমের ছেলে আরিফ ও শরিফ জানান, তারা দুই ভাই স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করে সংসার চালিয়ে আসছেন। তাদের মায়ের সঙ্গে কারও পূর্ববিরোধ আছে বলে তাদের জানা নেই।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর