না.গঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬৮ জনের মনোনয়ন সংগ্রহ


প্রকাশিত: ০১:২৭ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।

বুধবার বিকেল ৫টা পর্যন্ত মোট ৬৮ জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়াও কয়েকজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন।

জানা গেছে, বুধবার ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার আফরোজা খাতুন ও অতিরিক্ত জেলা প্রশাসক জসিমউদ্দিন হাওলাদারের কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

আব্দুর নূর ভূঁইয়া ৯নং ওয়ার্ড, মিজানুর রহমান মিজান ১৪নং ওয়ার্ডে এবং কুলসুম সুলতানা রুপগঞ্জ ৫নং ওয়ার্ডের জন্য প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসার আফরোজা খাতুনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

অন্যদিকে ইরফান উদ্দিন ইপু ৪নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিমউদ্দিন হাওলাদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

সহকারী রিটার্নিং অফিসার আফরোজা খাতুন জানান, বুধবার পর্যন্ত চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে প্রার্থীরা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে মনোনয়ন পত্র দাখিল করবেন।

সাধারণ সদস্য পদে ১ থেকে ৬ ওয়ার্ড পর্যন্ত এবং সংরক্ষিত ৩ থেকে ৫ নং ওয়ার্ডের প্রার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিমউদ্দিন হাওলাদারের কাছে মনোনয়নপত্র জমা দিবেন। সাধারণ সদস্য পদে ৭ থেকে ১৫ ওয়ার্ড পর্যন্ত এবং সংরক্ষিত ১ ও ২নং ওয়ার্ডের প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার আফরোজা খাতুনের কাছে মনোনয়নপত্র জমা দিবেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের পক্ষে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শাহাদাত হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।