‘বঙ্গবন্ধুর নামে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এক সময় ডিজিটাল শব্দটি নিয়ে উপহাস করা হতো। আজ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে দেশ। তথ্যপ্রযুক্তিতে দেশকে আরও গতিশীল ও সমৃদ্ধ জাতি গড়তে গাজীপুরে বঙ্গবন্ধুর নামে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে বৃহস্পতিবার সকালে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রজেক্টের আওতায় তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। বৃহস্পতিবার এ অনুষ্ঠানের ব্র্যান্ডিং গাজীপুর-এর লোগো উন্মোচন এবং মেলার উদ্বোধন করেন তিনি।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ২০২০ সালে বাংলাদেশ হবে জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত। ২০২১ সালের আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটুআই’র পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইফতেখার আহমদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান, সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সদস্য আবদুল হাদী শামীম, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের ৪০টি স্টল দেয়া হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম