বেনাপোলে মাটির গর্তে ২২২ কেজি গাঁজা


প্রকাশিত: ০২:৪৩ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

যশোরের বেনাপোল সীমান্তের একটি বসতবাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মাটির গর্ত থেকে ২২২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার সন্ধ্যার দিকে সীমান্তের রঘুনাথপুর গ্রামের রেজাউল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে এ গাঁজার চালান উদ্ধার করা হয়। রেজাউল ওই গ্রাামের করিম বক্সের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আফজাল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে ভারত থেকে মাদকের একটি চালান এনে রেজাউল নামের এক মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে গুদামজাত করেছে।

পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তার বাড়ির গোয়ালঘর, পুকুর পাড়, পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে ছয়টি ড্রামে ২২২ কেজি গাঁজা উদ্ধার করেন।

এর আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক ব্যবসায়ী রেজাউল। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জামাল হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।