‘বিশ্বব্যাংককে ক্ষমা চাইতে হবে’


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ কানাডার আদালতে নাকচ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, এই রায়ে প্রমাণ হয়েছে সেখানে একটি টাকাও দুর্নীতি হয়নি।

তিনি বলেন, বিশ্বব্যাপী বিশ্বব্যাংক দুর্নীতির কথা বলে, অধিকারের কথা বলে। অসত্যকে প্রশ্রয় দিয়ে বিশ্বব্যাংক গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। এজন্য বিশ্বব্যাংককে ক্ষমা চাইতে হবে।

বিশ্বব্যাংককে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ অর্থে পদ্মা সেতুর যে কাজ হচ্ছে। সেখানে দুর্নীতি হচ্ছে কিনা সেটাও আপনারা খুঁজে দেখুন। জাতি ঐক্যবদ্ধ আছে বলে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। বিশ্বের বুকে আজ আমরা উন্নয়নের রোল মডেল।

শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাংবাদিকরা সংবিধানের মধ্যে দায়িত্ব পালন করেন। তারা গণতন্ত্রের পক্ষে, অশুভ শক্তির বিপক্ষে, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রের প্রশ্ন সাংবাদিকদের দলনিরপেক্ষ ভূমিকা পালনের সুযোগ নেই। গণতন্ত্র যতো উন্মুক্ত হবে, সাংবাদিকতা তত বিকশিত হবে।

তিনি বলেন, ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সাংবাদিকদের কল্যাণে আইনগতভাবে ট্রাস্ট্র গঠন করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী ইলেকট্রনিক মিডিয়াকে উন্মুক্ত করেছেন বলেই এর বিকাশ হয়েছে। প্রিন্ট মিডিয়ার মতো ইলেকট্রনিক মিডিয়ার জন্যও ওয়েজ বোর্ড গঠন করা হচ্ছে।

সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, সাংবাদিক হত্যা-নির্যাতন সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে। যারা পার্লামেন্টে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করে, মাদকাসক্তির পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে জঙ্গিবাদ-মৌলবাদের মতো প্রশাসনের জিরো টলারেন্সের সক্ষমতা দেখিয়ে প্রমাণ করতে হবে আন্তরিকতার সাথে তারা দায়িত্ব পালন করছেন।

যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সভাপতি সাজেদ রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ দৌল্লা, যশোর প্রেসক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, বর্তমান সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, আইডিইবির সাবেক সভাপতি এম আর খায়রুল উমাম, যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, যশোর রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর, যশোর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।