ডাকাত সরদার কালো মানিক গ্রেফতার
গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সরদার মনির হোসেন ওরফে গোলজার ওরফে কালো মানিককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শনিবার রাতে তাকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের একটি জঙ্গল থেকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ডাকাত সরদার দক্ষিণবাগ গ্রামের অলিউল্লাহর ছেলে। তার নামে কালীগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের ওয়ারেন্টভূক্ত আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, কালো মানিক সহযোগীদের নিয়ে তার নিজ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। ওই খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে উপজেলার দক্ষিণবাগ এলাকার একটি জঙ্গলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। তার তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া মালামালের মধ্যে মোবাইল ফোন সংযুক্ত হাত ঘড়ি উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওই এসআই।
আব্দুর রহমান আরমান/এফএ/এমএস