বেনাপোলে ১৪ পিস স্বর্ণের বারসহ আটক ১
বেনাপোল বাজার থেকে ১৪ পিস স্বর্ণের বারসহ বজলুর রহমান (৫৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল বাজারের চুড়িপট্টির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক বজলুর রহমান সীমান্তের বড় আঁচড়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে। আটককৃত বজলুর রহমান দীর্ঘদিন স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত বলে বিজিবি জানিয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর সামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের চুড়িপট্টির সামনে থেকে বজলুর রহমানকে আটক করা হয়। আটকের পর তাকে ক্যাম্পে এনে দেহ তল্লাশি করে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
আটক স্বর্ণের ওজন ১ কেজি ৮শ গ্রাম যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণগুলো বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।
জামাল হোসেন/এফএ/এমএস