নাফ নদী থেকে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের পাঁচ লাখ পিচ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার ভোরে কোস্টগার্ডের টহলদল শাহপুরীরদ্বীপের জেটির অদূরে নাফনদীর মোহনা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ কোস্টগার্ড কার্যালয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদে গভীর রাতে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এবং নাইক্যংদিয়া সংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয় কোস্টগার্ড টেকনাফ সিজি স্টেশান কমান্ডর লে. কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে একটি দল। এসময় একটি নৌকা নাফ নদীর বাংলাদেশ অংশের তীরবর্তী এলাকায় দেখে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামতে বলে।

তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুতবেগে নদী থেকে নৌকা যোগে তীরের দিকে পালিয়ে যাওযার চেষ্টা করে। কিন্তু কোস্টগার্ডের তৎপরতার অবস্থা বেগতিক দেখে পাচারকারীরা নদীর তীরে নৌকা ভিড়িয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড ওই নৌকা তল্লাশি চালিয়ে সাতটি বস্তাসহ নৌকাটি জব্দ করে।

বস্তা খুলে গণনার পর পাঁচ লাখ পিচ ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা এবং নৌকার আনুমানিক মূল্য ২৫ কোটি এক লাখ টাকা বলে জানায় কোস্টগার্ড।

উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হচ্ছে।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।