‘মৌলিক অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচর পাঠানো হবে’


প্রকাশিত: ১০:২৬ এএম, ০১ মার্চ ২০১৭

টেকনাফে আনসার ব্যারাক থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করে র‌্যাব দেশকে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বনজ সম্পদ ধ্বংস ও পরিবেশ এবং আইন-শৃঙ্খলা বিনষ্ট করছে জেনেও মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করে সম্মানে নিজ দেশে তাদের ফিরিয়ে দেয়ার। মানবিকতা ও শৃঙ্খলা বজায় রাখতেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। তবে মৌলিক অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচর পাঠানো হবে।

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তায় থাকা আনসার ক্যাম্প থেকে লুট হওয়া বাকি ছয় অস্ত্র উদ্ধারস্থল মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি তুমব্রু পশ্চিমকুল গহিন পাহাড়ি এলাকায় প্রেস ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
 
বুধবার বিকেল পৌনে ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিং শুরু করেন। এসময় র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমদ, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকতা মো. মঈন উদ্দিন, থানা পুলিশের ওসি আবুল খায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশিকুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র লুটের ঘটনার মূল হোতা রোহিঙ্গা ডাকাত নুরুল আলমকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়েই র‌্যাব সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযানে নামেন এবং বুধবার সকালে বাকি ছয়টি অস্ত্র (এসএমজি এবং রাইফেল) উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। অস্ত্র লুটের মূল নায়ক নুরুল আলম মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বাসিন্দা।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মুচনী এলাকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে নিহত হন আনসার ক্যাম্পের কমান্ডার মো. আলী হোসেন। লুট করা হয় ১১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৬৭০টি গুলি।

এ ঘটনায় জড়িত হিসেবে প্রথম থেকে রোহিঙ্গাদের দায়ী করে আসছে র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।