টঙ্গীতে প্রিজনভ্যানে বোমা নিক্ষেপকারী মোস্তফার জিজ্ঞাসাবাদ চলছে


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৬ মার্চ ২০১৭

গাজীপুরের টঙ্গীতে প্রিজনভ্যান লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মোস্তফা কামাল (২২)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আরও কোনো সহযোগী ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

টঙ্গী থানা পুলিশের ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের কাছ থেকে ৭টি তাজা হাত বোমা, একটি সাউন্ড গ্রেনেড ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম জানান, মুফতি হান্নানের সহযোগীকে ঢাকার আদালত থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজনভ্যানটি টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছালে প্রিজনভ্যানকে লক্ষ্য করে ওই যুবক দুটি হাত বোমা নিক্ষেপ করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমা দুটি রাস্তায় পড়ে বিষ্ফোরিত হয়।  

এসময় আমরা ওই এলাকায় দায়িত্ব পালন করছিলাম। বোমা বিষ্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে কয়েকটি হাত বোমা এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করি। এতে কেউ আহত হয়নি।

তিনি আরও জানান, আটক যুবক ১০ হাজার টাকার বিনিময়ে প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছিল। আটক ওই যুবককে টঙ্গী থানায় সোপর্দ করা হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপাপ্ত আসামি ও হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগিরা গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আছে। ঢাকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাজিরা দিতে সোমবার সকাল ৭টার দিকে একটি প্রিজনে করে হান্নানসহ ১৯ জন আসামিকে ঢাকায় পাঠানো হয়। হাজিরা শেষে তারা সন্ধ্যা পৌনে সাতটার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নিরাপদে ফিরেছেন।

এদিকে ব্যস্ততম কলেজ গেট এলাকায় পরপর দুটি হাত বোমা বিষ্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ছুটে গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।