বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ০৯ মার্চ ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় ইস্ট ওয়েস্ট গ্রুপের রোমানা ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে।

এসময় তারা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ না করে কারখানাটি হঠাৎ করে গত রাতে বন্ধের নোটিশ দিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। কারখানাটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করে। শ্রমিকরা আজ সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় পুলিশ ও শ্রমিকের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরাতে কয়েক রাউন্ড টিআরসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যাটির দ্রুত সমাধানের আশ্বাস দিলে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।