মাইক্রোবাস থেকে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা


প্রকাশিত: ০৬:০১ এএম, ০৭ এপ্রিল ২০১৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস থেকে এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফাইজুল ইসলাম (৪০) রংপুর সদরের উত্তর খালিয়া এলাকার মৃত আছিম উদ্দিনের ছেলে।

সালনা হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মাইক্রোবাস থেকে এক ব্যক্তিকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রিকশাযোগে চন্দ্রা মোড়ে হাইওয়ে পুলিশের কাছে নিয়ে যায়। পরে পুলিশ ওই ব্যক্তিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার এসআই ওসমান আলী জানান, ফাইজুল কালিয়াকৈর পল্লী বিদ্যুত মোল্লাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় ইন্টার স্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানায় চাকরি করতেন।

নিহতের ভাই বাহারুল ইসলাম জানান, ভোরে চন্দ্রায় একটি বুথ থেকে টাকা তুলতে যায় তার ভাই ফাইজুল এরপর আর কিছু তিনি জানেন না। পরে ফাইজুলের মরদেহের সঙ্গে থাকা মোবাইল কল লিস্ট থেকে আমাকে কালিয়াকৈর থানা পুলিশ খবর দিলে তার মরদেহ সনাক্ত করি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াছমিন জানান, পুলিশ ওই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসে। নিহতের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।