যুবলীগের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৭

যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মাদকের পক্ষে নয়, এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। যুবলীগের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত জামালপুর কলেজ মাঠে নবগঠিত যুবলীগের কমিটি পরিচিতি সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রীর গতিশীল সেই নেতৃত্বে যুবলীগ সাহসী ভূমিকা রাখছে।

যুবলীগের নবগঠিত সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শুধু নেতা হয়ে মানুষের কাছে সালাম প্রত্যাশা না করে সাধারণ মানুষকে সেবা করতে হবে। জনগণের শাসক না হয়ে সেবক হতে হবে। আর এভাবেই বঙ্গবন্ধুর সোনার বাংলাকে এগিয়ে নিতে হবে।

কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম আমজাদ হোসেন, বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাফ হোসেন, যুগ্ম-আহ্বায়ক সেলিম আজাদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।